যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা সব সময় এদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে আসছে। তা ছাড়া দেশটিতে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেতে আমাদের সরকার সব সময় আন্তরিক বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিক্সন।
গতকাল রবিবার বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক সামনের পথ চলায় পাথেয় হয়ে চলার অনুপ্রেরণা যোগাবে। যুক্তরাজ্যে উচ্চ শিক্ষায় বাংলাদেশী শিক্ষার্থীদের সব সময়ই অগ্রাধিকার দেয়া হয়। প্রকৃত মেধাবীরা যাতে আর্থিক সুবিধাসহ শিক্ষা অর্জনের সুযোগ পায় সেটা নিশ্চিত করা হবে।
ঢাকায় নিযুক্ত হাইকমিশনার বলেন, বাংলাদেশের বন্ধুরা সবাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। স্বচ্ছ গণতন্ত্র বাংলাদেশে যাতে প্রতিষ্ঠিত হয় এটা চায় যুক্তরাজ্য। এলডিসি উত্তরণের আগে এই নির্বাচন গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিনিয়োগকারীদের জন্যও। সবাই চায় একটি স্থিতিশীল পরিবেশ। কেননা আমাদের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সব সময় একটি গণতান্ত্রিক সরকার চায়।
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় তহবিল গড়তে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।








