পাকিস্তানে উগ্রবাদী হামলার পর আফগানিস্তানে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তান। এই ঘটনায় ৪৭ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার পাকিস্তান বিমানবাহিনীর হামলায় পূর্ব আফগানিস্তানের খোস্ত এবং কুনার প্রদেশে এসব হতাহতের ঘটনা ঘটে। এসব তথ্য জানিয়েছেন আফগান সরকারের কর্মকর্তারা।
রবিবার আফগানিস্তানের খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা শাবির আহমদ ওসমানি সংবাদ মাধ্যম এএফপিকে জানায়, নিহত বেসামরিক ব্যক্তির মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। খোস্ত প্রদেশের ডুরান্ড লাইন এলাকায় হামলার কারণে এসব ব্যক্তি নিহত হন।
অন্য দুই আফগান কর্মকর্তা জানান, পাকিস্তান বিমানবাহিনীর হামলায় আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৪১ জন আর কুনার প্রদেশে ছয় জন মারা গেছেন।
আফগানিস্তানের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম তোলো নিউজের সরবরাহ করা ছবিতে দেখা যায়, পাকিস্তান বিমানবাহিনীর হামলায় অসংখ্য আফগান শিশু নিহত হয়েছে। ওই একই গণমাধ্যমে দেখা যায়, আফগানিস্তানের খোস্ত প্রদেশের শত শত ব্যক্তি পাকিস্তানের নিন্দা করছেন ও পাকিস্তানবিরোধী শ্লোগান দিচ্ছেন।
তবে আফগানিস্তানে চালানো হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান সেনাবাহিনী। কিন্তু আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে পাকিস্তানের পরররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে সকল উগ্রবাদী আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আনন্দবাজার/টি এস পি








