সরকারি আমানতে সুদহারের পরিবর্তন
প্রকাশ:

বিস্তারিত
সরকারি আমানত ব্যাংকে রাখলে সুদহার হবে বেসরকারি ব্যাংকে সর্বোচ্চ ৬ শতাংশ, আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখলে সর্বোচ্চ ৫ দশমিক ৫ শতাংশ। ব্যাংকঋণের সুদহার এক অংকে নামিয়ে আনতে সরকারি আমানতের বিষয়ে নেয়া পূর্ব সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
অর্থ মন্ত্রণালয়ে থেকে গতকাল জারি করা এ আদেশে বলা হয়েছে, সরকারের নিজস্ব অর্থের ৫০ শতাংশ এখন থেকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে আমানত হিসেবে রাখা হবে, তাতে সুদহার হবে ৬ শতাংশ। বাকি ৫০ শতাংশ অর্থ সর্বোচ্চ ৫ দশমিক ৫ শতাংশ সুদহারে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে মেয়াদি আমানত রাখা যাবে।
এতে আরও বলা হয়, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সুদের হার এক অংকে নামিয়ে আনার প্রয়োজন ছিল বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে উল্লিখিত উৎসসমূহের উদ্বৃত্ত অর্থ সর্বোচ্চ ৫ দশমিক ৫ শতাংশ সুদহারে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে এবং মোট উদ্বৃত্ত অর্থের ৫০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ৬ শতাংশ সুদহারে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে মেয়াদি আমানত রাখা যাবে।
তবে প্রতিষ্ঠানগুলোর ভবিষ্য তহবিলের অর্থ, পেনশন তহবিলের অর্থ ও এন্ডাউমেন্ট ফান্ডের অর্থ এর আওতাবহির্ভূত থাকবে।
বিলের বিধান অনুযায়ী সংস্থার বার্ষিক পরিচালন ব্যয়, নিজস্ব অর্থায়নে অনুমোদিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বার্ষিক ব্যয় নির্বাহের অর্থ, আপৎকালীন ব্যয়ের জন্য বার্ষিক পরিচালন ব্যয়ের সর্বোচ্চ ২৫ শতাংশের সমপরিমাণ অর্থের অতিরিক্ত উদ্বৃত্ত অর্থ প্রতি অর্থবছর শেষ হওয়ার তিন মাসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
আনন্দবাজার/জায়েদ







