ভারতের দিল্লির লোকনায়ক জয় প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালের মর্গে আছে করোনাভাইরাসে আক্রান্তদের লাশ। একটি লাশের উপর আরেকটি লাশ রাখা হচ্ছে। তবে স্বজনদের কেউই সেই লাশ নিতে আসছেন না। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে মর্গের বাইরের করিডোরে লাশগুলো স্তূপ করে ফেলে রাখা হয়েছে। ভয়াবহ সেই ভিডিও চমকে দিয়েছে বিশ্ববাসিকে ।
দিল্লির এই হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের প্রথম থেকেই চিকিৎসা দেয়া হচ্ছে। শুধুমাত্র কোভিড-১৯ রোগীদের জন্য কাজ যাচ্ছে এই হাসপাতাল। এখানকার মর্গে আছে ১০৮টি লাশ। কাজেই লাশ রাখার জায়গা অনেক আগে থেকেই পূর্ণ। তার মাঝে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হচ্ছে। এর ফলে প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা।
অপরদিকে, করোনার আতঙ্কে লাশগুলো নিতেও আসছে না স্বজনেরা। সেগুলো সৎকার করা যাচ্ছে না উপযুক্ত লোকের অভাবে। ফলে মাটিতেই স্তূপ করে করোনায় মৃতদের লাশ ফেলে রাখতে বাধ্য হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এর পূর্বে ভারতের কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালের একটি ভিডিওতে দেখা যায়, করোনা ওয়ার্ডে পড়ে থাকা সারি সারি লাশের পাশে চলছে আক্রান্ত রোগীদের চিকিৎসা। অথচ কেউ সরিয়ে নিয়ে যাচ্ছে না সেই লাশগুলো।
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দিল্লিতে ক্রমাগত বাড়ছে। এখন পর্যন্ত ১৭ হাজার ৩৮৬ করোনা রোগী সেখানে শনাক্ত হয়েছে। মারা গেছে ৩৯৮ জন।
আনন্দবাজার/এফআইবি








