মানসম্মত জাফরান চাষের জন্য বিখ্যাত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চল। তবে বিভিন্ন কারণে এ অঞ্চলে মূল্যবান মসলাপণ্যটির অস্তিত্ব বিলীনের পথে। এ পরিস্থিতিতে পণ্যটির গৌরবময় দিন ফেরাতে অঞ্চলটির কৃষকরা দীর্ঘদিন ধরে জিওগ্রাফিক ইন্ডিকেশন (জিআই) চেয়ে আসছিলেন। অবশেষে তাদের এই চাওয়া পূরণ হলো।
সম্প্রতি কাশ্মীরে উৎপাদিত জাফরান দীর্ঘমেয়াদে জিআই ট্যাগ পেয়েছে। এ স্বীকৃতি পণ্যটির গুণগত মান রক্ষা করবে বলে আশা করছেন শিল্পটির সাথে জড়িতরা। এরই পরিপ্রেক্ষিতে পণ্যটির রফতানি মূল্য আবারও চাঙ্গা হয়ে উঠবে বলেও প্রত্যাশা তাদের।
ভারতীয় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি দপ্তর কাশ্মীরি জাফরানের উপর জিআই ট্যাগ নম্বর ৬৩৫ অনুমোদন দিয়েছে। কাশ্মীরের কৃষি বিভাগের পরিচালক এ জিআই ট্যাগ নিবন্ধনের স্বত্বাধিকারী হবেন বলে জানা গেছে।
কাশ্মীরের কৃষি বিভাগের পরিচালক আলতাফ আইজাজ আনদ্রাবি জানান, কাশ্মীরের জাফরানের জিআই ট্যাগ পাওয়ার মুহূর্তটি তাদের কাছে সত্যি গর্বের এবং অত্যন্ত আনন্দের।
এ স্বীকৃতিতে অঞ্চলটির জাফরান বাণিজ্য ব্যাপকভাবে লাভবান হতে যাচ্ছে। জিআই ট্যাগ পণ্যটির দাম বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা করেন তারা। ফলে স্থানীয় কৃষকরা মূল্যবান মসলা পণ্যটির উৎপাদনে আরও আগ্রহী হয়ে উঠবেন।
জিআই ট্যাগ প্রাপ্তির সাথে সাথেই কাশ্মীরের জাফরানের দাম বাড়তে শুরু করেছে বলেও জানান তিনি। জিআই ট্যাগ পাওয়ার কয়েকদিন আগেও এ অঞ্চলের প্রতি কেজি জাফরানের গড় মূল্য ছিল ১ লাখ ৪০ হাজার রুপির মতো। যার দাম বর্তমানে বেড়ে ২ লাখ ১০ হাজার রুপিতে কেনাবেচা হচ্ছে। সূত্র: দ্য ট্রিবিউন
আনন্দবাজার/তা.তা








