বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্ক। ইতোমধ্যে করোনাভাইরাসের কারণে হলিউড ও বলিউডের সিনেমা নির্মাণ, সিনেমা মুক্তি, কনসার্ট, প্রিমিয়ার শোসহ বিভিন্ন অনুষ্ঠানের সময় পরিবর্তন করা হয়েছে এবং কিছু অনুষ্ঠানমালা বাতিল করে দেওয়া হয়েছে।
অনেক দেশেই সিনেমা হল বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বিনোদন অঙ্গনের মধ্যে চলচ্চিত্র বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই ভাইরাসের কোনো প্রতিষেধক এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভাইরাসের ফলে এবার অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দেওয়া হলো ১০তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ৮ মার্চ আয়োজকরা এ চলচ্চিত্র উৎসব পেছানোর ঘোষণা দেন। চলতি বছরের ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এ উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়া ও আয়োজক দেশ চীনের অবস্থা শোচনীয় হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, অংশগ্রহণকারী, অতিথি ও দর্শকদের নিরাপত্তার কথা ভেবে এমনটি করেছেন তারা।
উল্লেখ্য, চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি এরই মধ্যে শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এতে অন্তত এক লাখের অধিক মানুষ আক্রান্ত। মারা গেছে প্রায় তিন হাজার ৮০০’র অধিক। ভাইরাসে মারা যাওয়া বেশিরভাগই চীন, ইতালি, ইরানের। এছাড়া দক্ষিণ কোরিয়াসহ আরও বেশ কিছু দেশের পরিস্থিতি এখন ভয়াবহ।
আনন্দবাজার/শাহী








