প্রক্রিয়া সহজ হলে করদাতারা উৎসাহী হবেন
- এনবিআর চেয়ারম্যান
কর দেওয়ার প্রক্রিয়া যত সহজ হবে, দেশের জনগণ কর দিতে ততই উৎসাহিত হবেন। কর ফাঁকি দেওয়ার প্রবণতা কমে আসবে বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। পাশাপাশি বলেন, করহার কমানোর জন্য এনবিআর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গতকাল রবিবার এনবিআরের সম্মেলন কক্ষে ট্যাক্স গাইড ২০২১-২২ এর মোড়ক উন্মোচনের সময় তিনি এ মত দেন। আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, কর দেওয়ার প্রক্রিয়া যত সহজ হবে কর ফাঁকি দেওয়ার প্রবণতা ততই কমে আসবে। জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে ডিসিসিআই প্রতিবছরই তাদের সুচিন্তিত প্রস্তাবনা পেশ করে থাকে।
নিয়মিত ট্যাক্স গাইড প্রকাশ করায় ডিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, করহার কমানো, সেবার মান উন্নয়ন এবং কর প্রক্রিয়া অটোমেশনের জন্য এনবিআর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার সুফল দেশের ব্যবসায়ী সমাজসহ সাধারণ জনগণ ভোগ করবে।
স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, সাধারণ জনগণের পাশাপাশি ব্যবসায়ী সমাজকে কর দিতে উৎসাহিত করার জন্য বিদ্যমান কর নীতিমালা সহজ করা প্রয়োজন। দেশে একটি করবান্ধব পরিবেশ তৈরিতে এনবিআরের সঙ্গে ঢাকা চেম্বার একযোগে কাজ করছে, যা আগামীতে অব্যাহত থাকবে। শতবর্ষ পুরোনো ‘আয়কর আইন’ সংশোধন ও যুগোপযোগী করার লক্ষ্যে এনবিআর নিরলসভাবে কাজ করছে। আশা করছি, সকলের মতামতের ভিত্তিতে আইনটি চূড়ান্ত হলে, তা দীর্ঘমেয়াদে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।
ডিসিসিআই প্রতিবছর ব্যবসায়ী সম্প্রদায় ও ব্যক্তি পর্যায়ে ট্যাক্স দিতে উৎসাহী করতে জাতীয় বাজেট প্রণয়নের পরপরই ট্যাক্স গাইডটি প্রকাশ করে থাকে। গতকাল গাইড প্রকাশনাকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান, ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, সহ-সভাপতি মনোয়ার হোসেন এবং এনবিআর সদস্যরা উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শহক








