ভারতে প্রতিনিয়ত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনা মহামারি মোকাবিলায় কলকাতা পুলিশের জন্য কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেন্সকে।
জানা যায়, এ ব্যাপারে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল- সিএবি’র সঙ্গে জরুরি বৈঠক হয়েছে কলকাতা পুলিশের।
বৈঠকের পর পুলিশের স্পেশাল কমিশনার জাভেদ শামিম ও সিএবি উভয় পক্ষ একসঙ্গে স্টেডিয়ামটি পরিদর্শন করেন। ওই সময় সিএবি’র পক্ষ থেকে হাজির ছিলেন সভাপতি অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গাঙ্গুলি।
জানা যায়, আপাতত স্টেডিয়ামটির ই, এফ, জি ও এইচ ব্লকের নিচের অংশের ফাঁকা জায়গা কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হবে। তবে ভবিষ্যতে যদি আরও জায়গার দরকার হয় তাহলে ‘জে’ ব্লক ব্যবহার করা হতে পারে।
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, এই সংকটের মুহূর্তে প্রশাসনকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। যে সমস্ত পুলিশ কর্মীরা করোনা যোদ্ধা তারা এখানে থাকবেন। ই, এফ, জি, এইচ এবং যে ব্লককে আলাদা করে সেন্টার করা হচ্ছে।
আনন্দবাজার/টি এস পি








