রোজা সামনে রেখে অস্বাভাবিক হারে দাম বেড়েছে আদার। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে রাজধানীর বিভিন্ন বাজারে আদার কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পূর্বে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছিলো ৭০ থেকে ১০০ টাকার মধ্যে। কিন্তু করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ার পর তা একলাফে তা ১৬০ থেকে ১৮০ টাকায় চলে যায়। এই দাম প্রায় মাসখানেক স্থির থাকলেও এখন তা বেড়ে ৩০০ টাকা হয়েছে।
এদিকে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে আমদানি করা আদার দাম বেড়েছে ১১৫ শতাংশ। আর দেশি আদার দাম বেড়েছে ১০৯ শতাংশ।
প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশি আদার কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৬০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১২০ থেকে ১৫০ টাকা এবং এক মাস আগে ছিল ১০০ থেকে ১২০ টাকা। আর আমদানি করা আদার কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩০০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা এবং এক মাস আগে ছিল ১২০ থেকে ১৪০ টাকা।
হঠাৎ আদার এমন দাম বাড়ার বিষয়ে খুচরা ব্যবসায়ীরা জানায়, রোজা কাছে চলে আসাই আদার দাম বাড়ার অন্যতম কারণ। তাছাড়া এখন আমদানি করা আদার সরবরাহ কম রয়েছে। আবার করোনা আতঙ্কে যারা আগেই আদা কিনে রেখেছিলেন তাদের আদাও ফুরিয়ে আসছে। ফলে চাহিদা বাড়ছে আদার। এসব কারণেই পণ্যটির দাম বেড়ে গেছে।
আনন্দবাজার/তা.তা








