বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে মহামারী করোনাভাইরাস। এই ভাইরাস প্রতিরোধে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকটির তৃতীয় এবং শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। এবার ট্রায়াল শুরু করতে চায় এর উৎপাদনের দায়িত্বে থাকা ভারতের সিরাম ইনস্টিটিউট।
জানা যায়, শিগগিরই এর জন্য অনুমতি চাওয়া হবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে। ইতোমধ্যে এর দাম সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা।
এক সাক্ষাৎকারে সিরাম ইনস্টিটিউটের সিইও বলেন, ভারতে করোনা পরীক্ষার জন্যই ২,৫০০ টাকা খরচ হচ্ছে। এই পরিস্থিতিতে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকটির দাম ১,০০০ টাকা বা তারও কম রাখা হতে পারে।
অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি যে প্রতিষেধকটি সিরাম ইনস্টিটিউটে তৈরি হচ্ছে সেটির নাম ‘কোভিশিল্ড’ বলে জানান তিনি।
তিনি আরও বলেন, তালিকাভুক্ত দুর্বল অর্থনীতির দেশগুলিতে কোভিশিল্ড-এর দাম ২-৩ ডলারের মধ্যেই রাখা হবে (ভারতীয় মুদ্রায় যা ৩০০ টাকারও কম)। আর আমার মনে হয়, কোনও ভারতীয়কেই অক্সফোর্ডের প্রতিষেধকের জন্য টাকা খরচ করতে হবে না। কারণ, ভারত সরকারের মাধ্যমেই বিনামূল্যে এই প্রতিষেধক জনসাধারণকে দেওয়া হতে পারে।
আনন্দবাজার/টি এস পি








