যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ওই শহরের বেশ কয়েকটি এলাকায় গত কয়েক দিনে সংক্রমণের হার বেড়েছে। যার জেরে ধরেই ওই শহরের কয়েকটি এলাকায় আবারও লকডাউন জারি করা হয়েছে। গতকাল রবিবার এই লকডাউনের ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র বিল দে ব্লাসিয়ো।
করোনার দ্বিতীয় ঢেউ রুখতে ২০টি হটস্পট চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। সেগুলো ব্রুকলিন ও কুইনস এলাকায়। যার মধ্যে ৯টি জিপ কোড এলাকায় কড়া বিধি-নিষেধ থাকবে। গত সাত দিন ধরে ওই ৯টি এলাকায় সংক্রমণের হার ৩ থেকে ৮ শতাংশ। যেখানে গোটা নিউ ইয়র্ক শহরের সংক্রমণের হার মাত্র ১.৫ শতাংশ।
রবিবার বিধি-নিষেধ জারি নিয়ে বিবৃতিতে নিউ ইয়র্কের মেয়র বলেন, দুর্ভাগ্যবশত আজকের দিনটি উদযাপনের নয়। আজ কঠিন দিন।
তিনি আরও বলেন, শহরের কিছু এলাকা, বিশেষত কুইনস ও ব্রুকলিনে নতুন করে সমস্যা দেখা দিয়েছে। বসন্তেও সমস্যা এত প্রবল ছিল না। তা ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
আনন্দবাজার/টি এস পি








