নতুন একটি অ্যাপ্লিকেশনের পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে ফেসবুক। যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব।
ডিসকভার নামের এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের বিভিন্ন অপারেটরদের বিনামূল্যের ব্রাউজিং ডেটাকে ব্যবহার করবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, পেরুতে এই অ্যাপের পরীক্ষা চালু করা হয়েছে। ভবিষ্যতে থাইল্যান্ড, ফিলিপাইন, ইরাক এবং অন্যান্য উন্নয়নশীল দেশে এই অ্যাপ উন্মুক্ত করে দেওয়া হবে।
ফেসবুকের মতে, ব্যবহারকারীরা যদি তাদের সকল তথ্য মোবাইল অপারেটরদের কাছে প্রদান করে তাহলে তারা প্রতিদিন বিনামূল্যে ইন্টারনেট ডেটা পেয়ে যাবেন। যখনই ব্যবহারকারীরা নিজের সিমে বিনামূল্যে ডেটা ব্যবহার করবেন তখনই তাদের কাছে একটি নোটিফিকেশন আসবে।
তবে এই নতুন অ্যাপ্লিকেশনটি কেবলমাত্র কম ব্যান্ডউইথ প্রদান করতে সক্ষম। ফলে ব্যবহারকারীরা কেবলমাত্র ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারবেন। তারা অডিও-ভিডিও জাতীয় অন্যান্য মিডিয়া যেখানে ডেটা অনেক বেশি ব্যবহৃত হয় সেগুলো ব্যবহার করতে পারবেন না।
ফেসবুক কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ডিসকভার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে ফেসবুক অ্যাকাউন্ট থাকা জরুরী নয়। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীর ইন্টারনেট ব্রাউজিং ডেটা সেভ করে রাখবে না, এতে সিকিউরিটির কোন সমস্যা নেই।
আনন্দবাজার/তা.তা








