ঈদ উদযাপিত হচ্ছে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। মধ্যপ্রাচ্য ছাড়াও আরও বেশ কিছু দেশ ঈদ উদযাপন করছে আজ। তবে বরাবরের মতো এবার ঈদের আমেজ নেই তেমন। কারণ ঘর থেকে বের হওয়া বা মসজিদে যাওয়ার অনুমতি নেই বেশিরভাগ দেশেই।
সারাবিশ্ব এখন ভীত করোনা আতঙ্কে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণরোধে জনসমাগম ও মসজিদে নামাজ আদায় নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন দেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে জোর দেওয়া হচ্ছে।
সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়, এবার ঈদে মসজিদগুলো বন্ধ থাকবে। এতে মুসল্লিরা আগের মতো ঈদের নামাজ আদায় করতে পারবেন না।
একই সাথে এসব দেশে ঈদে ঘোরাঘুরি বা আত্মীয়-স্বজনের বাসায় যাওয়া, কাউকে উপহার দেওয়া, শিশুদের টাকা বা অন্য কোনো উপহার দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে করোনার বিস্তাররোধে ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে সৌদি সরকার। এজন্য ঈদের নামাজ নিজ নিজ ঘরে আদায় করার পরামর্শ দিয়েছে তারা। তবে মুয়াজ্জিনরা ভোরবেলা থেকে ঈদের নামাজ পর্যন্ত মাইকে ঈদের তাকবির প্রচার করছেন।
সৌদি আরবের মক্কা এবং মদিনার পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজ হলেও সাধারণ জনগণ অংশ নিতে পারেনি। গত শনিবার (২৩ মে) সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে কড়াকড়ি আরোপ থাকলেও ইরানে কিছুটা শিথিল করা হয়েছে। সেখানে ধীরে ধীরে অর্থনীতি গতিশীল করা হচ্ছে।
আনন্দবাজার/তা.তা








