দেশবরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের আজ জন্মদিন। ৭৯ কে বিদায় জানিয়ে ৮০ বছরে পা রাখলেন কিংবদন্তি এই অভিনেতা। তিনি শুধু চলচ্চিত্রেই নয়, টিভি পর্দায়ও সমানভাবে জনপ্রিয় তিনি। এছাড়া একাধারে তিনি নির্মাতা, চিত্রনাট্যকার, কাহিনিকার, সংলাপ রচয়িতা ও গল্পকার।
তবে গত কয়েক বছর ধরে অসুস্থ হয়ে নিভৃত জীবনযাপন করছেন এটিএম শামসুজ্জামান। কয়েক দফায় তাকে হাসপাতালে যেতে হয়েছে। চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতেই রয়েছেন। জন্মদিনে এ অভিনেতার সুস্থতার জন্য দোয়া চেয়েছে তার পরিবার।
চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামানের সম্পৃক্ততা ঘটে উদয়ন চৌধুরী পরিচালিত ‘বিশকন্যা’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে। সেসময় চিত্রনাট্য লেখাতেও জড়িয়ে পড়েন তিনি। প্রায় শতাধিক চলচ্চিত্রের চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন এটিএম।
প্রথমদিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করলেও ১৯৬৫ সালে ভিন্ন ধারার অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আগমন তার। ১৯৭৬ সালে চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। সে ধারাবাহিকতায় একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেন এই কিংবদন্তি। স্বীকৃতি হিসেবে পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা আর পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
আনন্দবাজার/শহক







