প্রানঘাতী করোনা ভাইরাস নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব থামছেই না। এতদিন করোনা ছড়ানো ও তথ্য গোপন করার জন্য চীনকে দায়ী করছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নতুন অভিযোগ, করোনা ভাইরাসের ভ্যাকসিন ও ওষুধ তৈরির সংশ্লিষ্ট গবেষণার তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে চীনের হ্যাকাররা। চীন সরকারের সাথে ওই হ্যাকারদের যোগাযোগ রয়েছে বলেও জানান তারা। বুধবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এ নিয়ে সতর্কতা জারি করেছে।
ইউএস ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো (এফবিআই) এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) সাইবার নিরাপত্তা বিভাগ জানায়, চীনা হ্যাকার ও গুপ্তচররা করোনা ভাইরাসের ভ্যাকসিন, চিকিৎসা ও পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্যের পাশাপাশি জনস্বাস্থ্য সম্পর্কিত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
বুধবার সংস্থা দুটি যৌথভাবে এই বিষয় নিয়ে করোনার ভ্যাকসিন সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতি একটি সতর্কবার্তা জারি করেছে। সেখানে জানানো হয়, করোনার ভ্যাকসিন নিয়ে কাজ করা স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যাল এবং গবেষণা সংস্থাগুলোকে সতর্ক থাকতে হবে। কারণ তারা এখন হ্যাকারদের মূল টার্গেটে পরিণত হয়েছে। সাইবার চোররা এ বিষয়ক গুরুত্বপূর্ণ নথি চুরির চেষ্টা অব্যাহত রেখেছে।
আনন্দবাজার/এস.কে








