সকাল থেকেই মেহেরপুর অঞ্চলে ফের হানা দিয়েছে বসন্তের বৃষ্টি। আর এ সময়ের বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা রয়েছে। এতে করে মাঠভারা রবি ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন ওই অঞ্চলের কৃষকরা। এর আগে গত বুধবার (৪ মার্চ) রাতে ঝড় এবং শিলাবৃষ্টিতে মেহেরপুর জেলার কিছু অংশে কলা, ভুট্টা ও গমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আলমপুর গ্রামের কৃষক নজরুল জনান, বৃষ্টির পানিতে মসুর গাছে সাদা সাদা দাগ পড়ে গেছে। এছাড়াও গাছের বিভিন্ন অংশে সাদা গুঁড়া জমেছে যা ফলন বিপর্যয় ঘটাতে পারে। একই গ্রামের আরেক কৃষক আসাদুল ইসলাম জানান, ঝড় ও বৃষ্টির জন্য বেশিরভাগ ক্ষেতের গম মাটির সাথে নুইয়ে পড়েছে। কিছু কিছু ক্ষেতে গমের দানা বসেছে। যে সকল ক্ষেতে এখনো দানা হয়নি সেখানে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এখন মাঠভরা গম, মসুর, সরিষা, ভুট্টা ও শীতকালীন নানান শাক সবজি রযেছে। কিছুদিন পরই এসব ফসল সংগ্রহ শুরু হবে। কিন্তু বসন্তের বৃষ্টিতে ফসলের লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই অনেক বেশি রয়েছে।
গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দিন আহমেদ জানিয়েছেন, সাধারণত এ সময় বৃষ্টিপাত হলে রবি ফসলের ক্ষয়ক্ষতি হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ছত্রাকনাশক স্প্রে করে ফসলকে ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা করা যায়।
আনন্দবাজার/এম.কে








