মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এককোটি গাছ লাগাবে বন অধিদফতর। ইতিমধ্যে চারা উৎপাদনের জন্য সারাদেশের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে বন বিভাগ। আসছে ১৭ মার্চ থেকে সম্ভব না হলেও জুনের প্রথম সপ্তাহ থেকে বৃক্ষরোপণ অভিযানের সময় এই গাছ বিতরণ করা হবে। পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার স্বার্থেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এককোটি চারার মধ্যে কিছু চারা নষ্ট হতে পারে, সেজন্য অতিরিক্ত আরও ২০ লাখ গাছের চারা উৎপাদন করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা যায়, বনজ, ফলদ ও ঔষধিসহ বিভিন্ন রকমের গাছের চারা বিতরণ করা হবে। এক্ষেত্রে দেশীয় ফলের গাছকে বেশী প্রাধাণ্য দেওয়া হবে। গেল বছরের আগস্টে এককোটি ২০ লাখ চারা উৎপাদনের ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলেও বর্তমানে বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন মুজিববর্ষ পালনে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য তার মন্ত্রণালয়ের সচিবসহ সকল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া সুন্দরবনসহ দেশের বনাঞ্চল রক্ষা ও বাড়াতে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগে কার্যকর ব্যবস্থা নিতেও নির্দেশনা দিয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।
আনন্দবাজার/শাহী








