- এমবিএ পরীক্ষায় প্রথম স্থান
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রকাশিত এমবিএ (সন্ধ্যাকালীন) পরীক্ষার ফলাফল অনুযায়ী, ৫২ বছরবয়সী হাবিবুর রহমান বিস্ময়কর ফলাফল করেছেন। তিনি ৪.০০ এর মধ্যে সর্বোচ্চ ৩.৮৬ সিজিপি এ নিয়ে ১৪০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন।
হাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবির বলেন, হাবিবুর রহমান এমন একজন প্রতিভাবান ব্যক্তি, যিনি সব সময় নতুন কিছু শিখতে খুব পছন্দ করেন। তার শিক্ষক হিসেবে আমি তার অসাধারণ ফলাফলের জন্য সত্যিই গর্বিত।
হাবিপ্রবির মার্কেটিং বিভাগের সহযোগী প্রফেসর ড. মো. শামীম হোসাইন বলেন, বাংলাদেশে অনেকেই মনে করেন একটি নির্দিষ্ট বয়সের পরে তারা আর উচ্চ শিক্ষা নিতে পারবেন না। কিন্তু হাবিবুর রহমানের অসাধারণ ফলাফল প্রমাণ করে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে বড় সাফল্যের পথে বয়স কোনো বাধা নয়। তার শিক্ষক এবং ইনটার্নশিপ সুপারভাইজার হিসেবে তার অসাধারণ ফলাফলের জন্য সত্যিই গর্বিত।
ওয়ার্ল্ড মিশন প্রেয়ারলিগ (ল্যাম্ব হাসপাতাল) অপারেশন ডিরেক্টর মিস্টার স্বপন পাহান আরও জানান, আমাদের প্রতিষ্ঠানে হাবিবুর রহমান দীর্ঘ ৩০ বছর ধরে বিভিন্ন বিভাগে ব্যবস্থাপনার কাজ দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন। তার এমন ফলাফলে আমরা খুবই আনন্দিত।
চাকরির পাশাপাশি স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য অবসর সময়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার কার্যক্রমকে সহায়তা প্রদানের লক্ষে তিনি অনলাইন লার্নিং প্লাটফর্মের মাধ্যমে দূরশিক্ষণ শিক্ষা কার্যক্রম শুরু করেছেন। যার মাধ্যমে অল্প সংখ্যক শিক্ষার্থী সঠিক নির্দেশনা লাভের মাধ্যমে উপকৃত হবেন বলে তিনি আশা করেন।








