বাংলাদেশ এখন বৈশ্বিক উদ্যোক্তাদের আদর্শ গন্তব্য
-বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ এখন বৈশ্বিক উদ্যোক্তাদের আদর্শ গন্তব্য বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, সরকারের বিদেশি বিনিয়োগ বান্ধব নীতিমালার কারণে বাংলাদেশ এখন বৈশ্বিক উদ্যোক্তাদের জন্য সবচেয়ে আদর্শ গন্তব্য। এদেশে কারখানা স্থাপনের মাধ্যমে সাড়ে ১৬ কোটি মানুষের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি চীন-ভারতের ২৭০ কোটি মানুষের বাজারও ধরা যাবে। কেননা, দুটি দেশেই বেশিরভাগ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ঢাকায় সফররত ব্রুনাইয়ের অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের জামানত হিসেবে ১৬’শ ডলার দিতে হয়। মালয়েশিয়ার জন্য এ পরিমাণ ৫’শ ডলার। এসময় তিনি দেশটির অর্থমন্ত্রীকে এই বৈষম্য দূর করার আহ্বান জানান। এছাড়াও বৈঠকে বাংলাদেশকে পরবর্তী বাণিজ্য ও বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নিতে ব্রুনাইয়ের অর্থমন্ত্রীকে আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর, একশটি অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক, ট্যুরিজম পার্ক, নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, এলএনজি টার্মিনালসহ পুরো দেশকে সড়ক ও রেলপথে সংযুক্ত করার প্রকল্প চলছে। বাংলাদেশের বর্তমান অগ্রগতির চিত্র অতীতের তুলনায় অনেক ভিন্ন।এই অগ্রযাত্রায় সামিল হতে ব্রুনাইকে আহ্বান করেন তিনি।
হালাল খাবার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আইসিটি, প্লাস্টিক, পেট্রোকেমিক্যাল, জাহাজ নির্মাণ, পর্যটন, অবকাঠামো উন্নয়ন, পেট্রোলিয়াম, জ্বালানি খাতে দুদেশের বাণিজ্য বিনিয়োগ সম্পর্ককে উন্নত করার বিপুল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন জসিম উদ্দিন। বৈঠকে ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী দাতো সেরি সেটিয়া ড. আওয়াং হাজী মোহাম্মদ আমিন লিউ আবদুল্লাহ তার দেশকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহারের জন্য আহ্বান জানান। তিনি বলেন, ব্রুনাইয়ের বন্দর ব্যবহার করলে চীনের সঙ্গে দূরত্ব অনেক কমবে। এতে খরচ ও সময় সাশ্রয় করা সম্ভব হবে।
বাংলাদেশি কর্মীদের প্রশংসা করে ব্রুনাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি পাদুকা আওয়াং হাজি আহমাদদিন বিন হাজী আবদুল রহমান বলেন, ব্রুনাইয়ের অর্থনৈতিক অগ্রগতিতে এসব কর্মীর বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়া বৈঠকে বক্তব্য রাখেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান ও বিদেশি উদ্যোক্তাদের সংগঠন ফিকি’র সভাপতি নাসের এজাজ। এ সময় উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র সহ-সভাপতি আমিন হেলালী, সালাহউদ্দিন আলমগীর ও হাবীব উল্ল্যাহ ডন।
বৈঠক শেষে বাংলাদেশের ব্রুনাইয়ের হালাল খাদ্যপণ্য বিপণনে দেশটির ঘানিম ইন্টারন্যাশনাল ও বাংলাদেশের জেডইএস ট্রেডিংয়ের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়। ঘানিম ইন্টারন্যাশনালের পক্ষে সিইও ড. নূর রহমান ও জেডইএস ট্রেডিংয়ের পক্ষে এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান চুক্তিতে সই করেন।
আনন্দবাজার/শহক








