মধ্যপথ থেকে ফেরানো হয়েছে মস্কোগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। দিল্লির বিমানবন্দর থেকে রওনা হয়েছিল মস্কোগামী ওই বিমানটি। পাইলটের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মধ্যপথ থেকে ফিরে এসেছে ফ্লাইটটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানিয়েছে, আজ শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টা নাগাদ ফ্লাইটটি দিল্লিতে ফিরে এসেছে।
করোনা ভাইরাস পরিস্থিতিতে ভারতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ আছে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে কিছু ফ্লাইট পরিচালিত হচ্ছে। প্লেন উড্ডয়নের পর পাইলটের কোভিড-১৯ পজিটিভ হওয়ার ব্যাপারটি জানতে পারে এয়ারলাইনের গ্রাউন্ড টিম। এ পরিপ্রেক্ষিতে মধ্যপথ থেকে প্লেনটি ফিরে আসে।
এয়ার ইন্ডিয়ার ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ওই এ৩২০ প্লেনটিতে কোনো যাত্রী ছিল না। বন্দে ভারত মিশন অনুসারে, মস্কোতে আটকে পড়া ভারতীয় নাগরিকদের আনতে প্লেনটি যাত্রা করে। উজবেকিস্তানের আকাশসীমায় পৌঁছানোর পর আমাদের গ্রাউন্ড টিম জানতে পারে, ওই প্লেনের পাইলটদের মধ্যে একজন কোভিড পজিটিভ। পরে তাৎক্ষণিকভাবেই প্লেনটিকে ফিরে আসতে বলা হয়। শনিবার সাড়ে ১২টার দিকে প্লেনটি দিল্লি ফিরে আসে।
ওই ফ্লাইটের ক্রুদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে ও মস্কো থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য অন্য একটি প্লেন পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা।
আনন্দবাজার/এফআইবি








