সম্প্রতি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চালিত মোবাইলে অফিশিয়াল সাপোর্ট বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। এখন থেকে মোবাইলে ব্যবহৃত উইন্ডোজে আর কোনো আপডেট পাঠাবে না তারা। ১০ ডিসেম্বরের পর থেকে যে মাইক্রোসফট মোবাইলে আর কোনো আপডেট পাঠানো হবে না সে ঘোষণা অনেক আগেই দিয়েছিলো মাইক্রোসফট।
জানা যায়, ২০২১ সালের ১২ জানুয়ারি থেকে উইন্ডোজ ১০ এ ব্যবহৃত অফিস অ্যাপগুলোর জন্যও সিকিউরিটি আপডেট পাঠানো বন্ধ করবে মাইক্রোসফট। অফিস অ্যাপের মধ্যে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ওয়ান নোট। তবে আপাতত উইন্ডোজ ১০ এর মোবাইল অ্যাপ স্টোর বন্ধ হচ্ছে না। কিন্তু অফিস অ্যাপের সাপোর্ট বন্ধ করে দেওয়ার পরপরই উইন্ডোজ ১০ এর মোবাইল অ্যাপ স্টোরও বন্ধ করতে পারে মাইক্রোসফট।
মাইক্রোসফট ২০১৫ সালে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সর্বপ্রথম আপডেট পাঠায় উইন্ডোজ ফোন ৮.১ এ। এরপর লুমিয়া ৯৫০, লুমিয়া ৯৫০ এক্সএল ও ৫৫০ ফোনেও অপারেটিং সিস্টেম হিসেবে ইনস্টল করা হয় উইন্ডোজ ১০। কিন্তু প্ল্যাটফর্মটিতে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুবিধা না থাকায় ধীরে ধীরে কমতে থাকে ব্যবহারকারীর সংখ্যা।
এরপর কিছুদিন যেতে না যেতেই ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ফোনের ব্যবসা গুটিয়ে তা বিক্রি করে দেওয়া হয় এইচএমডি গ্লোবাল ও ফক্সকনের কাছে।
আনন্দবাজার/শাহী








