দেশে কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই- অক্টোবর) কৃষি ও পল্লী ঋণ খাতে সাত হাজার ৯০৫ কোটি টাকা দিয়েছে ব্যাংকগুলো। এটি লক্ষ্যমাত্রার ২৭ দশমিক ৮৪ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, অর্থবছরের প্রথম দুই মাসে কৃষিঋণ বিতরণে ব্যাংকগুলো কিছুটা পিছিয়ে পড়লেও তৃতীয় মাস থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটছে। তা অক্টোবরেও অব্যাহত ছিল।
আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ঋণ বিতরণ বেড়েছে ১৯ দশমিক ২৩ শতাংশ বা এক হাজার ২৭৫ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ২৮ হাজার ৩৯১ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে।
২০২০-২১ অর্থবছরের একই সময়ে কৃষি ও পল্লী ঋণ খাতে ছয় হাজার ৬২৯ কোটি টাকা বিতরণ করে ব্যাংকগুলো, যা ব্যাংকগুলোর বার্ষিক লক্ষ্যমাত্রার ২৫ দশমিক ২২ শতাংশ।
কৃষি খাতে অক্টোবরে দুই হাজার ৬৯৫ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। এর আগের মাসে ঋণ বিতরণ হয় দুই হাজার ৫৩৬ কোটি টাকা। এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে কৃষি খাতে ঋণ বিতরণে ইতিবাচক পরিবর্তন দেখা দেয়।
গত আগস্টে এক হাজার ৭৩২ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করে ব্যাংকগুলো। জুলাইয়ে বিতরণ করা কৃষিঋণের পরিমাণ ছিল ৯৪২ কোটি টাকা। সব মিলে জুলাই-সেপ্টেম্বর সময়ে কৃষি ও পল্লীঋণ খাতে পাঁচ হাজার ২১০ কোটি টাকা বিতরণ করে ব্যাংকগুলো, যা লক্ষ্যমাত্রার ১৮ দশমিক ৩৫ শতাংশ।
এদিকে ঋণ বিতরণ বাড়লেও চার মাসে কৃষি ঋণ আদায় কমেছে। এই সময়কালে আদায় হয়েছে সাত হাজার ৫৯৭ কোটি টাকা। গত অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে কৃষিঋণ আদায় হয়েছিল ৮ হাজার ৪৫৭ কোটি টাকা।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারো বাড়তে থাকায় গত এপ্রিলে কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে গত ৩০ জুন পর্যন্ত চার হাজার ২৯৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়।
আনন্দবাজার/এম.আর








