প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে ঘোরতর এক সংকটকাল পার করছে মানবসমাজ। তবে মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই এই রোগ। অন্য প্রাণীরও করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে আগেই। এবার জার্মানির এক চিড়িয়াখানা কর্তৃপক্ষ নতুন এক মর্মান্তিক খবর দিয়েছে। করোনায় অর্থ সংকট এতটাই বেড়েছে যে, চিড়িয়াখানার প্রাণীদেরকেই হয়তো একে অন্যের খাদ্য জোগান দিতে হতে পারে। তারমানে একটি প্রাণীকে মেরে তার মাংস খাওয়ানো হবে অন্য আরেকটি প্রাণীকে।
চিড়িয়াখানার পরিচালক ভেরেনা কাসপারি জানান, তাদের এমন পথে হাঁটতে হতে পারে চিড়িয়াখানাকে টিকিয়ে রাখতে। ইতোমধ্যে প্রথমে জবাই করা হবে এমন প্রাণীর তালিকাও করা হয়ে গেছে।
দেশব্যাপী লকডাউনের কারণে এখন চিড়িয়াখানা চালানো কঠিন হয়ে পড়েছে। তাছাড়া ডোনেশন চাওয়ার মতো পরিস্থিতিও নেই এখন। যার ফলে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাদের।
কাসপারি জানান, অপ্রীতিকর হলেও একটি প্রাণীকে অন্য প্রাণীর খাবার হিসেবে পরিবেশন করতে হবে আমাদের। তাহলে কিছু প্রাণীকে হয়তো বাঁচিয়ে রাখা সম্ভব হবে।
তিনি আরও জানান, এমন কিছু প্রাণী আছে যাদের প্রতিদিন বেশ উল্লেখযোগ্য পরিমাণে মাছ খাওয়াতে হয়। এমতাবস্থায় কোনো প্রাণীকে ক্ষুধায় মরতে দেয়ার চেয়ে একে অন্যের খাবার বানানোকেই সঠিক উপায় বলে মনে করছি আমরা। এছাড়াও মানুষের অনুপস্থিতিও চিড়িয়াখানার অনেক প্রাণীর মাঝে বিমর্ষতা নিয়ে এসেছে।
আনন্দবাজার/এস.কে








