আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভোটেই সরকার পরিবর্তন হবে। আমরা জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছি। সামনে আবারও জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে চাই। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ-ব্লকের অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করে বিএসএমএমইউ শাখা স্বাচিপ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ আমাদের ক্ষমতার উৎস। জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত না করলে আমরা বিদায় নেবো। আমরা কারও দয়ায় বা নির্বাচন কমিশনের ইভিএম দিয়েছে এইসব দেখে আমরা রাজনীতি করি না। মির্জা ফখরুল সাহেব সরকারের পরিবর্তন যদি চান সোজাসুজি কথা হলো, পরিস্কার বক্তব্য হলো নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের আর কোন সুযোগ নেই। স্থানীয় সরকারের পরীক্ষামূলকভাবে অনেকগুলো নির্বাচন এই ইভিএমে হয়েছে। এগুলো কি প্রশ্নবিদ্ধ ছিল? সিটি কর্পোরেশনগুলোতেও হয়েছে, সিলেটে হয়েছে, বরিশালে হয়েছে, কুমিল্লাতে হয়েছে। কেউ কি কোন প্রশ্ন করেছে? আমরা জালিয়াতি মুক্ত কারচুপি মুক্ত।
মন্ত্রী বলেন, বিএনপি পদ্মা সেতুতেই কাত হয়ে গেছে। একটা পদ্মা সেতুতেই আপনাদের বুকের ব্যথা বেড়ে গেছে। সামনে মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কর্ণফুলি টানেল, সামনে এলিভেটেড এক্সপ্রেস, আরও কত প্রকল্প।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু জ্যেষ্ঠকন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু স্বাস্থ্য ব্যবস্থাসহ অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড যেভাবে পরিচালনা করেছেন ঠিকই একইভাবে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাও বর্তমান বাংলাদেশকে পরিচালনা করে যাচ্ছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএমএ’র ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন প্রমুখ।
আলোচনা সভাটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখা স্বাচিপের আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজভী সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন বিএসএমএমইউ শাখা স্বাচিপের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার (টিটো)।








