পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে উৎপাদিত পণ্য ট্রাক দিয়ে বড় বড় শহরে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। হুহু করে যে পণ্যের দাম বেড়েছে তা নিয়ন্ত্রণ করা হবে। ট্যাক্স রিভেট দিবো, ভ্যাট মওকুফ করবো, বিদেশ থেকে বিনা শুল্কে খাদ্যদ্রব্য আনার ব্যবস্থা করা হবে। নিত্যপণ্য নিয়ে চাঁদাবাজি, সিন্ডিকেট করা যাবে না। শক্ত হাতে ধমন করে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবে সরকার।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এম এ মান্নান আরও বলেন, জিনিস পত্রের দাম বেড়েছে এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে সরকার এ ব্যাপারে খুবই সর্তক অবস্থানে রয়েছে। সরকার সব সময় চায় দেশের মানুষ ভালো থাকুক। এ জন্যই তো শেখ হাসিনা নিরলসভাবে প্ররিশ্রম করে যাচ্ছেন। এতো সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনা ব্যবসা করে না। অন্য দেশে যে যে পণ্যের দাম বেড়েছে তা উনি কমাতে পারবে না।
প্রবাসী আওয়ামী লীগ নেতা গয়াছুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এমপি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধক্ষ্য সুজাদুর রহমান সুজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান প্রমুখ। ৮৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।








