মুঠোফোন নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। মামলা করতে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে গিয়েছেন তিনি। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে যান জেমস। এরপর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন।
জেমসের অভিযোগ, তার অসংখ্য গান ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে বাণিজ্যিক ব্যবহার করে আসছে বাংলালিংক। যেটা কপিরাইট আইন ভঙ্গের সামিল। জেমস সে কারণে মামলা করতে আদালতে আবেদন করেছেন বলে জানিয়েছেন তাপস পাল।
এর আগে একই উদ্দেশ্যে গত ১৯ সেপ্টেম্বর কে এম ইমরুল কায়েশের আদালতে গিয়েছিলেন জেমস। তবে সে সময় তার মামলার আবেদন গ্রহণ না করে তাকে রাজধানীর গুলশান থানায় মামলা করার পরামর্শ দেন বিচারক। এবং থানায় মামলা না নিলে পুনরায় আদালতে যেতে বলা হয়েছে।
আনন্দবাজার/ টি এস পি








