চাহিদানুযায়ী ইচ্ছেমতো সস্তায় শীতকালীন সবজি কিনছেন বরগুনার ক্রেতারা। চলতি মৌসুমে শীতকালীন সবজির আগাম চাষ হওয়ায় ইতিমধ্যে সেগুলো বাজারে উঠেছে। যার জন্য সবজিতে ভরে গেছে বাজার। তাই সহজেই সস্তায় শীতকালীন সবজি কিনতে পারছেন ক্রেতারা।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বরগুনা শহরের কাঁচা বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি প্রতিকেজি ৩৫ টাকায় ও বাঁধাকপি ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি প্রতিকেজি ৩০ টাকায়, লালশাক আঁটি ১৫-২৫ টাকা, ধনেপাতা কেজি ৫০-৬০ টাকা, পেঁয়াজের কলি ৩০ টাকা কেজি, লাউ ৪৫-৫৫ টাকা, শসা ৩৫ টাকা কেজি, মূলা ১০ টাকা, বড় নলকোষ শিম ৩০ টাকা কেজি, ছোট শিম নলকোষ ২৫ টাকা কেজি, কাঁচা মরিচ ৫০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সবজিব্যবসায়ী আড়তদার মীর আলি বলেন, সবজির দাম কম থাকায় খুচরা সবজিবিক্রেতারা আড়ত থেকে স্বল্প দামে বেছে বেছে ভালো সবজিগুলো কিনে নিচ্ছেন। এরপর সেগুলোকে তারাই আবার কম দামে ক্রেতাদের কাছে বিক্রি করছেন।
খুচরা বিক্রেতারা বলছেন, সাধারণত শীতকালীন সবজির দাম নাগালের বাইরে থাকে। তবে এবছর আগাম শীতের সবজি বাজারে বেশি আমদানি হওয়ায় দাম ক্রেতার নাগালের মধ্যেই।
বাজারে আসা ক্রেতা রফিকুল ইসলাম বলছেন, এখন কাঁচাবাজারে শীতের সবজির দাম অনেকটাই নাগালের মধ্যে। এজন্য প্রতিদিনই শীতের সবজি কিনতে পারছি।
বুড়িরচর ইউনিয়নের সবজিচাষি আলাউদ্দিন আকন জনান, ভাল দামের আশায় আগাম শীতের সবজির আবাদ করেছি। তবে একইসঙ্গে শীতের আগাম সবজি এসে বাজার সয়লাব হয়েছে। এজন্য সবজির দামও অনেকটা কম। এবার শীতকালীন আগাম সবজিতে তেমন লাভবান হতে পারে নি।
আনন্দবাজার/এম.কে








