ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকরা মনে করছেন। খবর এনডিটিভির।
আজ রোববার (৮ ডিসেম্বর) ভোর ৫টায় দিল্লির রানি ঝানসি সড়কের অনজ মান্দি নামক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় কারখানার ভেতরে শ্রমিকরা ঘুমাচ্ছিলেন। এরপর ফায়ার সার্ভিসের ৩০ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নেভাতে ঘটনাস্থলে ৩০ টি অগ্নিনির্বাপণকারী ট্রাক পাঠানো হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল বলেছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে পুরো এলাকা। আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
আনন্দবাজার/এম.কে







