টেলিযোগাযোগ খাতে গ্রামীণফোন ও ঔষধ খাতের স্কয়ার ফার্মাসহ দুটি খাতের প্রায় সকল কোম্পানির শেয়ারের মূল্য বাড়ায় সূচকের বড় ধরনের উত্থানে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে আজ।
করোনা মহামারির কারণে টানা দুই মাস বন্ধ থাকার পর আজ রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় দুই পুঁজিবাজারে লেনদেন শুরু হয়।
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান এবং প্রকৌশল খাতের শেয়ারের মূল্য কমায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে। কিন্তু টেলিযোগাযোগ ও ঔষধ খাতের শেয়ারের মূল্য বাড়ায় দিনে শেষ ঘণ্টা সূচকের লেন্দেন সম্পন্ন হয়েছে বড় উত্থানের মধ্য দিয়ে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গত দিনের চেয়ে ৫২ পয়েন্ট বেড়ে চার হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে মূল্য বেড়েছে ৬০টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫টির। এসময় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার টাকা।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান ইনডেক্স গত কার্যদিবসের চেয়ে ১৪৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন সম্পন্ন হওয়া কোম্পানির মধ্যে মূল্য বেড়েছে ৩১ টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত ৫৪টি কোম্পানির শেয়ারের। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ কোটি ৩৫ লাখ টাকা।
আনন্দবাজার/এইচ এস কে








