বাংলাদেশের অভিনেত্রী সাফা কবিরের সাথে জুটি হয়েছেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। আফরিন জামান লীনার রচনা এবং রাকেশ বসুর পরিচালনায় নাটকটির শুটিং শুরু হয়েছে শ্রীমঙ্গলে।
কলকাতার ধারাবাহিক নাটকের জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক প্রথমবারের মতো বাংলাদেশের নাটকে কাজ করছেন। নিজের অনুভূতি জানাতে গিয়ে ঋষি বলেন, অভিনয়ের জন্য প্রথম বাংলাদেশে এসেছি। এ দেশের প্রাকৃতিক সৌন্দর্যেও আমি মুগ্ধ।
সাফা কবির বলেন, গতানুগতিক নয়, একেবারেই ভিন্নধর্মী একটি গল্প নিয়ে নাটকটি তৈরি হচ্ছে। নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
নাটকের গল্পে দেখা যাবে, ভারতের একটি প্রতিষ্ঠানের স্থপতি ঋষি। অফিসের কাজে বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন তিনি। এখানে এসে হোটেলে না থেকে ওঠেন একটি বাসার চিলেকোঠায়। সে বাসাতেই থাকেন সাফা। সেখান থেকেই এগিয়ে যায় গল্প। একসময় তাদের ভালোবাসা এবং বিয়েও হয়। কিন্তু ক্যান্সারে মারা যায় সাফা। তবুও সাফাকে মনের মণিকোঠায় ঠাঁই করে রাখে ঋষি। এমন ভালোবাসা এবং বিরহের গল্পেই গড়ে উঠেছে 'চিলেকোঠার ভালোবাসা' নাটকটি।
আনন্দবাজার/ডব্লিউ এস








