এবার বাংলাদেশি লেখকের গল্পে তৈরি হচ্ছে নেটফ্লিক্সের চলচ্চিত্র। ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ নামের এই ছবিটিতে অভিনয় করছেন অস্কারজয়ী দুই তারকা ডেনজেল ওয়াশিংটন ও জুলিয়া রবার্টস। ছবিটির গল্প নেওয়া হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত লেখক রুমান আলমের একই নামের উপন্যাস থেকে।
হরপারক্লিনস পাবলিকেশন ইমপ্রিন্ট থেকে চলতি বছরই উপন্যাসটি প্রকাশ করেন রুমান। ছবির অন্যতম প্রযোজক হিসেবেও আছেন তিনি। জানা যায়, এর গল্প গড়ে উঠেছে দুটি পরিবারকে কেন্দ্র করে, যারা একটি বিচ্ছিন্ন দ্বীপে ছুটি কাটাতে যায়। সেখানেই ভয়ঙ্কর এক ভুলের ফাঁদে পা দিয়ে ফেলেন তারা। এভাবেই এগিয়ে যায় ছবিটির গল্প। ছবিটি পরিচালনা করছেন সাইবার সিকিউরিটি থ্রিলার সিরিজ ‘মি. রোবট’-এর নির্মাতা স্যাম এসমাইল।
ডেনজেল-জুলিয়াকে সর্বশেষ একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে ১৯৯৩ সালের ‘দ্য পেলিকান ব্রিফ’ ছবিতে। ফলে ২৭ বছর পর একই পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন তারা।
আনন্দবাজার/ডব্লিউ এস








