আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এবার বেফাঁস মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেই ডাক যোগে ভোট নিয়ে আপত্তি জানিয়েছিলেন ট্রাম্প। এভাবে প্রেসিডেন্ট নির্বাচন হলে ভোট-জালিয়াতি হতে পারে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
তবে তার কোনও আপত্তিই ধোপে টেকেনি। তাই এবার কার্যত মরিয়া হয়েই তিনি বললেন, ভোট হবে, কিন্তু ভোটের ফল হয়তো কোনওদিনই বের হবে না!
গতকাল শনিবার কাউন্সিল অব ন্যাশনাল পলিসির একটি সভার বক্তৃতায় ট্রাম্প বলেন, ভোটের দিনই ফল ঘোষণার যে রেওয়াজ রয়েছে, এবার তা সম্ভব নয়। আমার তো মনে হয়, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাসও কেটে যেতে পারে। হয়তো কোনওদিন জানতেই পারবেন না, কে জিতলেন!
এর আগে করোনা-ত্রাসের আবহে ভোট পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।
বিশেষজ্ঞদের একাংশ দাবি করছেন, জনপ্রিয়তার নিরিখে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেনের থেকে পিছিয়ে থাকার কারণেই চাপে পড়ে এমন প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।
তবে ট্রাম্পের এমন প্রস্তাব আমলে নেয়নি বিরোধীশিবির। নির্ধারিত ৩ নভেম্বরেই ভোট হচ্ছে। জানা গেছে, করোনা আবহে এবার অন্তত ৫ কোটি মার্কিন নাগরিক ডাক-যোগে ব্যালট পেপারে ভোট দেবেন। ট্রাম্পের দাবি, এই ভোট গণনাতেই দীর্ঘ সময় কেটে যাবে।
আনন্দবাজার/টি এস পি








