করোনাভাইরাসে পুরো বিশ্ব এখন আতঙ্কিত। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাস্কের ব্যবহার। তবে মানুষের পাশাপাশি এবার করোনা থেকে বাঁচতে ছাগলকেও মাস্ক পরানোর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের খাম্মাম জেলার কাল্লুর এলাকায়।
করোনা সংক্রমণ এড়াতে ছাগলকে মাস্ক পরালেন ভেঙ্কটেশ্বর নামের এক ব্যক্তি। ভারতের সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি।
তিনি জানান, করোনায় বাঘ আক্রান্ত হওয়ার খবর শুনে এই কাজ করেছেন তিনি। ছাগল চড়াতে নিয়ে যাওয়ার সময় তাদের সুরক্ষার জন্য মাস্ক পরাচ্ছেন তিনি।
তিনি বলেন, আমার ২০টি ছাগল আছে। আমাদের কোনও চাষের জমি নেই। আমার পরিবার পুরোপুরি ওদের উপরই নির্ভরশীল। তাই বাঘের করোনাভাইরাস হয়েছে শোনার পর আমি ওদেরকেও মাস্ক পরিয়ে দিয়েছি।
আনন্দবাজার/ টি এস পি








