আগামী মার্চ মাসে ১০০টি প্রতিষ্ঠানে বসানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন। মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে স্বচ্ছতা আনার লক্ষ্যে বসানো হচ্ছে ইএফডি মেশিন। ইতোমধ্যে আমদানি করা হয়েছে ১০০টি ইএফডি মেশিন।
এ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. জামাল হোসেন জানান, চলতি অর্থবছরের শুরুতে ইএফডি মেশিন চালুর ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের ডাটা সেন্টারের কাজ সম্পন্ন না হওয়ায় সময়মত এটি চালু করা সম্ভব হয়নি। তবে, এখন শেষ পর্যায়ে রয়েছে সব ধরনের প্রস্তুতি। তাই, আশা করছি আগামী মাসে ১০০ মেশিন বসানো যাবে।
ডিপার্টমেন্টাল স্টোর থেকে শুরু করে ২৫ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট ফাঁকি ঠেকাতে ইএফডি চালু করবে এনবিআর। সরকারের মোট ৩১৭ কোটি টাকা ব্যয় হচ্ছে দশ হাজার ইএফডি মেশিন কেনায়।
এর মধ্যে রয়েছে রেস্তোরাঁ ও ফাস্টফুড, আবাসিক হোটেল, কমিউনিটি সেন্টার, স্বর্ণকার-রৌপ্যকার ও স্বর্ণ পাইকারি, মোটরগাড়ির গ্যারেজ-ওয়ার্কশপ, কোচিং সেন্টার, তৈরি পোশাক বিপণন, ছাপাখানা ও বাঁধাই সংস্থা, ডেকোরেটরস ও ক্যাটারার্স, ডিপার্টমেন্টাল স্টোর, সিকিউরিটি সার্ভিস, মিষ্টান্ন ভান্ডার, বিজ্ঞাপনী সংস্থা, বিউটি পার্লার, কুরিয়ার ও এঙপ্রেস মেইল সার্ভিস, যান্ত্রিক লন্ড্রি, শপিং সেন্টার, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল গৃহস্থালি সামগ্রির বিক্রয়কেন্দ্র, জেনারেল স্টোর বা সুপারশপ, আসবাবপত্র বিক্রয়কেন্দ্র, বড় ও মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠান, সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব ও সিনেমা হল।
আনন্দবাজার/ টি এস পি








