সারাদেশ ধর্ষণের প্রতিবাদে উত্তাল। কোথাও থেমে নেই নারীর প্রতি নির্যাতন, ধর্ষণ, বর্বরতা। শহর কিংবা গ্রাম, সর্বত্র বাড়ছে পাশবিক-নৃংশসতা। সিলেট থেকে বেগমগঞ্জ, উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম- যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ‘এখনও চলছে আদিম বর্বরতা’।
আজ মঙ্গলবার (০৬ আগস্ট) নারী নির্যাতনের বিচার ও ধর্ষণ বন্ধের দাবিতে শোকের প্রতীক ‘কালো চিহ্ন’ ফেসবুক প্রোফাইলে ধারণ করে চলছে প্রতিবাদ।
সাম্প্রতিক সময়ে সংঘটিত লাগাতার বর্বরতার ঘটনাগুলো মানুষের স্বাভাবিক জীবনে এবং সমাজে ফেলেছে নিরাপত্তাহীনতার কালো ছায়া। বাইরে বের হতে এখন নারীরা আতঙ্কিত হয়ে পড়ছেন।
একবিংশ শতাব্দীর উন্নত ও আধুনিক বিশ্বে ‘পাশবিকতার ঘোর অন্ধকার’ যেন দানবীয় থাবায় ঘিরে ফেলেছে নারীদের। বাঁচতে পারছে না শিশু, বিধবা, আদিবাসী ও প্রতিবন্ধী নারীরাও।
নারীর প্রতি ক্রমবর্ধমান নির্যাতন, ধর্ষণ, বর্বরতার প্রতিবাদে ও বিচারের দাবিতে দেশজুড়ে চলছে নানা প্রতিবাদ। প্রযুক্তির যুগে ধর্ষণের মতো বিভৎস নির্যাতন বন্ধে নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে।
আনন্দবাজার/ইউএসএস








