দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও তেলে দাম কমানো উচিত বলেও মনে করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাজ্য ও ফ্রান্স সফর থেকে ফিরে প্রথমবারের মতো বিদেশ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন। গতকাল দুপুরে মতিঝিলে এফবিসিসিআই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দেশে কোনো কিছুর দাম বাড়ানো হলে আর কমানো হয় না। এখন বিশ্ববাজারে তেলের দাম কমেছে ভবিষ্যতে আরো কমবে। সুতরাং দেশের বাজারেও তেলের দাম কমানোর আহ্বান জানান তিনি।
তাছাড়া তেলের দাম ডলারের মতো করে সমন্বয় করার কথাও বলেন তিনি। ভারতসহ বিশ্বে বিভিন্ন দেশে ডলারের মতো বিশ্ব বাজারে দাম উঠা নামা করলে তেলের দামও ওঠা নামা করে বলেন তিনি। তাছাড়া অল্প দাম বাড়লেও হতো কিন্তু একসঙ্গে ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি করায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন বলেন তিনি। অনেকে একটি নির্দিষ্ট দামে বিভিন্ন প্রজেক্টে কাজ নিয়েছে কিন্তু দাম বৃদ্ধির ফলে তারা বিপাকে পড়েছেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ৬৫ থেকে বৃদ্ধি পেয়ে ৮০ টাকা হয়েছে।
আনন্দবাজার/শহক







