ফেলে দেয়া জিনিস সঠিকভাবে কাজে লাগাতে পারলে অনেক কিছুই করা সম্ভব। তারই একটি উদাহারণ হলো মাছের আঁশের গয়না। ভারতের পুরুলিয়ার কিছু বাসিন্দা মাছের আঁশের গয়না তৈরি করে চমকে দিয়েছেন বিশ্ববাসীকে। শুধু গয়না নয় তৈরি হচ্ছে ঘর সাজানোর শো-পিসও। তাদের উপার্জনও হচ্ছে প্রচুর।
হাল ফ্যাশনে খুব সহজেই জায়গা করে নিয়েছে মাছের আঁশের এই গয়না। ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে মাছের আঁশ থেকে তৈরি করা কানের দুল, গলার মালাসহ বিভিন্ন গয়না।
মাছের আঁশের এইসব গয়না ও গৃহস্থালী সাজানোর পণ্যের প্রতি আগ্রহও বেড়েছে অনেকের। এই কাজের সঙ্গে যুক্ত সবাই আজ স্বাবলম্বী।
তারা জানান, প্রথমে তারা মাছের বাজার থেকে মাছের আঁশ সংগ্রহ করেন। তারপর সেগুলো মিউরিক অ্যাসিড দিয়ে ধুয়ে আবার সাবান পানিতে ভালো করে পরিষ্কার করে নেয়। এরপর তা পানি থেকে ছেঁকে রোদে শুকায়। এরপর প্রয়োজন মতো আঁশ বিভিন্ন মাপে কেটে রং মিশিয়ে তার উপর বিভিন্ন নকশা করে প্রস্তুত করা হয় গয়না ও গৃহস্থালী পণ্য।
জানা গেছে, প্রতি পিস কানের দুল তৈরি করতে তাদের খরচ পড়ে অন্তত পাঁচ টাকা। তবে সেগুলো বিক্রি করছেন ২০ থেকে ২৫ বা ৩০ টাকার মধ্যে। একইভাবে গৃহস্থালী সাজানোর পণ্য তৈরিতে তাদের খরচ হচ্ছে ১০ থেকে ২০ টাকা। এবং বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। অল্প খরচে এমন ব্যবসায় বদলেছে গ্রামীণ নারীর ভাগ্য।
আনন্দবাজার/ টি এস পি








