জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানি ব্লকে কৃষক আনছারুল হক ও পেয়ারুল হকের ক্ষেতে বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু ধান-১০০ এর প্রদর্শনী প্লটের শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত রোগ ও পোকামাকড় সহনশীল জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান-১০০ এর শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার হোমায়রা মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুল হাসান জানান, সদর উপজেলায় পরীক্ষা মূলক ভাবে এক একর(তিন বিঘা) জমিতে বঙ্গবন্ধু ধান ১০০ চাষ করা হয়। মাঝারি চিকন নতুন এই জাতের ফলন হয়েছে বিঘা প্রতি ২০ মন শুকনা ধান।








