মুন্সীগঞ্জের শ্রীনগরে সূর্যমূখী ফুল চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। সূর্যমুখীর দানাদার বীজ থেকে উৎপাদিত তেলের চাহিদা প্রতিনিয়ত বাড়ায় অনেকেই এ চাষে আগ্রহী হচ্ছেন। প্রায় ১২০ দিনের চাষে সূর্যমুখীর ফুল থেকে পরিপক্ক বীজ উৎপাদন সম্ভব। উৎপাদিত প্রতিকেজি বীজ থেকে প্রায় ৪০০ মিলি গ্রাম ভোজ্যতেল পাওয়া যায়। বর্তমানে প্রতিমণ সূর্যমূখীর বীজের বাজারদর সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার আটপাড়া, বাড়ৈখালীর ও তন্তর এলাকায় বেশ কিছু জমিতে বীজ উৎপাদনের লক্ষ্যে সূর্যমুখী ফুলের চাষ করা হচ্ছে। জমিতে সারি সারি গাছে অসংখ্য সূর্যমূখী ফুলে ঢাকা পড়েছে। গোলাকার এসব হলুদ ও খয়রি লাল বর্ণের সূর্যমুখী ফুল তার নিজস্ব সৌন্দর্য তুলে ধরেছে। অপরূপ সৌন্দর্য্য মানুষের নজর কেড়ে নিচ্ছে তার আপন ভুবনে
দেখা যায়, উপজেলার বাড়ৈগাঁকল্লিগাঁও সড়কের পাশে সূর্যমুখী ফুলের জমি পরিচর্যা করছেন এক কৃষক। স্থানীয় মিজানুর রহমান জানান, প্রায় ৭৮ শতাংশ জমিতে সূর্যমুখীর চাষ করেছেন তিনি। গাছে ফুল এসেছে। ফুলে বীজ পরিপক্ক হচ্ছে। তবে ঝড় বৃষ্টির কারণে দুশ্চিন্তা রয়েছেন তিনি। দ্বিতীয় বারের মত সূর্যমুখীর চাষ করছেন। গতবার এ চাষে লাভবান হয়েছেন। উপজেলা কৃষি অফিস থেকে সূর্যমুখীর বীজ দেওয়া হয়েছে জানান তিনি। শ্রীনগর উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী জানান, উপজেলায় এ বছর ৫ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হচ্ছে। এচাষে কৃষকদের আগ্রহী করার লক্ষ্যে প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে।








