গত ৫ মার্চ সরকারের আমন সংগ্রহ মৌসুম শেষ হয়েছে। করোনা পরিস্থিতি দিন দিস খারাপের দিকে যাওয়ায় খাদ্য বিতরন কার্যক্রমের আওতাও বাড়ানো হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত এক মাসে ১৯ শতাংশ কমে গেছে দেশে চাল ও গমের মজুদ।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৫ মার্চ পর্যন্ত ক্রমবর্ধমান হারেই বেড়েছে খাদ্যের মজুদ, বিশেষ করে চাল ও গম। কারণ আমন সংগ্রহ মৌসুম চলমান ছিল। শেষ দিন পর্যন্ত মোট মজুদ হয় ১৮ লাখ ৮৯ হাজার টন। গমের মজুদ ছিল ৩ লাখ ৪৯ হাজার এবং চালের মজুদ ছিল ১৫ লাখ ৪০ হাজার টন। যেখানে চাল ও গমের মজুদ ছিল ১৮ লাখ ৮৪ হাজার টন, সেখানে ৯ মার্চ থেকে ১৫ মার্চ এ কয়দিনেই মজুদ নেমে আসে ১৭ লাখ ৬২ হাজার টনে। এখনও চলমান রয়েছে মজুদ কমার ধারা।
গতকাল ১৫ লাখ ২৭ হাজার ৭৭৮ টনে নেমে এসেছে চাল ও গমের মজুদ। তবে এই মজুদ গত বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৬৬ হাজার টন বেশি। ২০১৯ সালের ৮ এপ্রিল ১ লাখ ৫২ হাজার ৮৪৬ টন গম এবং ১২ লাখ ৮ হাজার ৮২৭ টন চাল মজুদ ছিল। গতকাল চালের মজুদ ছিল ১২ লাখ ৪২ হাজার ৩৮৩ ও গমের মজুদ ২ লাখ ৮৫ হাজার ৩৯৫ টন।
আনন্দবাজার/এস.কে








