জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি প্রতি ঈদে নিয়মিত প্রচার হলেও এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রচারিত হচ্ছে না। গত ৩১ বছরে প্রথমবারের কোন ঈদে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছেনা। প্রচার না হওয়ার খবর নিশ্চিত করেছেন অনুষ্ঠান সংশ্লিষ্টরা।
প্রায় ৩১ বছর ধরে টানা প্রচারিত হচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। খ্যাতিমান উপস্থাপক হানিফ সংকেতের গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনায় নিয়মিতভাবে এটি প্রচার হয়। এই অনুষ্ঠানটির হাত ধরে অনেক সংগীতশিল্পী, অভিনয়শিল্পী উঠে এসেছেন। ব্যতিক্রমধর্মী আয়োজনের কারণে সবার কাছে জনপ্রিয় এই অনুষ্ঠান।
বছরের প্রতি তিন মাস পরপর প্রচারিত হয় অনুষ্ঠান। তবে ঈদুল ফিতরে ব্যতিক্রম। ঈদের পরদিন বিটিভিতে প্রচারিত হয় এটি। কিন্তু গত ৩১ বছরের নিয়মিত ঘটনার ব্যতিক্রম ঘটছে এবার। প্রস্তুতি শুরু করেও শেষ অবধি নির্মাণ করা যাচ্ছে না এবারের ইত্যাদি।
হানিফ সংকেত জানান, ঈদুল ফিতরের ইত্যাদি বরাবরই একটু ব্যতিক্রম হয়। বড় আয়োজন করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এ বছর আমরা সেই আয়োজন করতে পারছি না। তাই গত ৩১ বছরে প্রথমবারের মতো ইত্যাদি বন্ধ রাখতে হচ্ছে। এটা ইত্যাদির জন্য একটা রেকর্ড।
আনন্দবাজার/শহক







