ভারতের উত্তর-পূর্ব সীমান্তের আসাম প্রদেশের সেচের পানি প্রবাহ বন্ধ করার খবরকে ‘ভিত্তিহীন’ বলেছে ভুটান। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুটান ও আসামের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে ফাটল ধরানোর জন্য কেউ ‘অসত্য তথ্য’ ছড়াচ্ছে বলে অভিযোগ এনেছে ভুটান।
গেল কয়েক দিনে ‘আসামে সেচের চ্যানেল দিয়ে আসা পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে ভুটান’ এমন একটি প্রতিবেদন ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এছাড়াও ভুটান সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আসামের কয়েক’শ কৃষক বিক্ষোভ করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
আজ শুক্রবার, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, আসামে সেচের পানি বন্ধের ওই সংবাদ প্রতিবেদন নিয়ে ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ জুন থেকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে আসামের কৃষকদের সেচের পানি আটকে দেওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, ইতোমধ্যে বাকসা ও উদালগুড়ির কৃষকেরা এ নিয়ে সমস্যায় পড়েছেন। এটি অত্যন্ত ভয়াবহ অভিযোগ। এই ধরনের সংবাদ ভিত্তিহীন। আসামে সেচের পানি আটকে দেওয়ার মতো কোনো কারণই নেই ভুটানের কাছে।
আনন্দবাজার/এম.কে







