দেশে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। অসহায়দের পাশে ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাও। কিছুদিন আগে নিজের প্রিয় ব্রেসলেট নিলামে তুলে সেই টাকা দিয়ে সারাদেশে পৌঁছে দিয়েছেন ভালোবাসা। এবার নিজের একটি জার্সি নিলামে তুলবেন তিনি।
জানা গেছে, ২০১৯ বিশ্বকাপে খেলা প্রিয় জার্সিটি নিলামে তুলবেন মাশরাফি। জার্সি নিলাম প্রক্রিয়া পরিচালনা করবে ‘অকশন ফর অ্যাকশন’ নামক একটি সংস্থা।
এরই মধ্যে মাশরাফির ব্রেসলেট বিক্রির অর্থে নড়াইলে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল তৈরি করার ঘোষণা করা হয়েছে। জার্সি নিলামে তুলে সেই অর্থ দিয়েও নড়াইলের স্বাস্থ্যসেবার উন্নয়নে তথা হাসপাতাল নির্মাণ করা হবে। মাশরাফির হাতে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক জানিয়েছেন, এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী বছর এই নিলাম হতে পারে।
করোনায় কাজ করা কয়েকটি প্রতিষ্ঠানকে মাশরাফির ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকার একটি অংশ প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া এই টাকার কিছু অংশ করোনায় কাজ করা বিদ্যানন্দ ফাউন্ডেশন, বঙ্গবন্ধু স্কোয়াডে দেয়া হয়েছে। এই অর্থ ব্যয় করা হয়েছে অনেক দুস্থ খেলোয়াড় এবং অসহায় মানুষের কল্যানেও।
ব্রেসলেট নিলামের অর্থ থেকে বাকি থাকা ২৫ লক্ষ টাকা এবং শিগগিরই নিলামে ওঠা জার্সি বিক্রির অর্থ দিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানা গেছে।
এই হাসপাতাল নির্মাণে আর্থিক সহায়তা করবে আলতাফ হোসেন ও আক্তারুন্নেছা ট্রাস্ট। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে ২৪ ঘণ্টা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা দেয়া হবে। বর্তমানে হাসপাতালটি সরকারি অনুমোদনের অপক্ষোয় রয়েছে। অনুমোদন পেলেই এর নির্মাণের কাজ শুরু হবে।
আনন্দবাজার/টি এস পি








