ভারতের কেন্দ্রীয় সরকার নভেম্বর-জানুয়ারি মেয়াদে মোট ৩৩ হাজার ৬০০ টন পেঁয়াজ আমদানি করেছিল। এর ৯০ শতাংশই পচে যাচ্ছে এখন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, পচে যাওয়ার কারণেই রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
ভারতীয় রান্নার অন্যতম অনুষঙ্গ পেঁয়াজের দর নিয়ন্ত্রণে রপ্তানি বন্ধ করে গত বছর পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছিল দেশটির কেন্দ্রীয় সরকার। কিন্তু, আমদানিকৃত এই পেঁয়াজ নিয়েই এখন ভোগান্তির মুখে দেশটি।
আমদানি করা পেঁয়াজ দেরিতে এসে পৌছানোর ফলেই তা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। পাশপাশি স্থানীয় জাতের পেঁয়াজ এখন বাজারে সহজলভ্য।
নভেম্বর-জানুয়ারি মেয়াদে পেঁয়াজের আমদানিমূল্য পড়েছে কেজিপ্রতি ৫০ থেকে ৫৮ রুপি। অর্থাৎ, প্রতি কেজিতে কেন্দ্রীয় সরকার ৪৬ থেকে ৫২ রুপি পর্যন্ত লোকসান গুনছে। এর ফলে কেন্দ্রীয় সরকারের মোট ২শ' কোটি রুপি লোকসান হওয়ার সম্ভবনা রয়েছে।
এসব অবস্থার মাঝেই গত ২ মার্চ পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে দেশটি। প্রায় পাঁচ মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে ভারত।
আগামী ১৫ মার্চ থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হচ্ছে। ন্যূনতম রপ্তানি মূল্যের যে শর্ত ছিল, সেটিও প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ ভারতীয় ব্যবসায়ীরা এখন যেকোনো মূল্যে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন।
আনন্দবাজার/তা.তা








