করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন। তিনি বর্তমানে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার সকালে এক টুইটে তিনি জানান, সকালে ঘুম থেকে উঠেই গলায় খুসখুস ও শরীরে অতিরিক্ত তাপমাত্রা অনুভব করি। এর পর দ্রুত স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেন ডুটন। হাসপাতালে আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ১৫৬ জনের শরীরে প্রাণঘাতী করোনা ধরা পড়েছে। এদের মধ্যে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী। তারাও কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
দেশটিতে করোনা এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত তিনজন। করোনার সংক্রমণ বাড়তে থাকায় পাঁচ শতাধিক মানুষের জনসমাগম নিষিদ্ধ করেছেন অজি প্রধানমন্ত্রী স্কট মরিনসন।
বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। বিশ্বব্যাপী এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৩৪ হাজার ৬৭৯ মানুষ, মারা গেছেন ৪ হাজার ৯৭৩ জন। এছাড়া, ৬৯ হাজার ১৪২ রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।
আনন্দবাজার/শহক








