সবাইকে শোকে ভাসিয়ে অসময়ে চলে গেলেন এনটিভি অনলাইনের সিনিয়র নিউজরুম এডিটর মোমিন স্বপন। গতকাল শুক্রবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয় বিএসইসি ভবনের সামনে মোমিন স্বপনের প্রথম জানাজা হয়। পরে তার মরদেহ নিয়ে স্বজনরা বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশ্যে রওনা দেন। রাতেই নিজ গ্রামে তাকে দফান করা হয়।
স্বজনরা জানান, আগের দিন বৃহস্পতিবার স্ট্রোক করেন মোমিন। পরে বিকেলের দিকে তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরদিন শুক্রবার সকালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
এক সময়ের সহকর্মী বাংলানিউজের বার্তা প্রধান আহমেদ জুয়েল জানান, মোমিন স্বপন বাংলামেইল, নিউজবাংলাদেশসহ বেশ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে কাজ করেন। সর্বশেষ তিনি ২০১৯ সাল থেকে এনটিভির অনলাইনে সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতার ছাড়াও তিনি কবিতা, ছড়া, গান, নাটক লিখতেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
সাংবাদিক মোমিন স্বপন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা। তিনি একাধারে কবি, লেখক, সাংবাদিক। এছাড়া তিনি গান ও নাটক লিখতেন। অবসরে ছবি আঁকতেন। তিনি মা-বাবা, স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।
আনন্দবাজার/শহক








