- চাষির আগ্রহ বাড়ছে
চলতি মৌসুমে টাঙ্গাইলের সখীপুরে ভুট্টার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। এতে চাষিদের মুকে হাসি ফুটেছে। ফসল ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টার ফলন পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে এমনটাই প্রত্যশা চাষিদের।
এদিকে ধান ও গমের পাশাপাশি এখানকার চাষিরা ভুট্টাচাষে ঝুঁকছেন। বিশেষ করে ভুট্টাচাষে স্বল্প সময়ে অল্প খরচে অধিক লাভ পাওয়ায় এ অঞ্চলের কৃষকেরা ধান ও গম চাষের পাশাপাশি ভুট্টা চাষে বেশি ঝুঁকছেন।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে এ উপজেলায় ৮শ’ জন কৃষক ভুট্টা চাষের জন্য প্রণোদনা পেয়েছেন। সর্বমোট ভুট্টার চাষ হয়েছে ১০৮ হেক্টরে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৪৫ টন।
উপজেলার গড়বাড়ি গ্রামের চাষি নজরুল ইসলাম জানান, তিনি উপজেলা কৃষি অফিসের প্রণোদনা পেয়ে চলতি মৌসুমে এক একর জমিতে ভুট্টার আবাদ করেছেন। এক একর জমিতে ভুট্টার আবাদ করেছেন উপজেলার ইছাদিঘী গ্রামের বছির মার্কেট এলাকার হাতেম আলী। ভুট্টা গাছে গাছে ফুল ও ফল এসেছে। মাস খানেক সময়ের মধ্যে ভুট্টা উত্তোলন করতে পারবেন। ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন তিনি।
উপজেলার উদ্ভিদ সংরক্ষণ ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা আনিছুর রহমান জানান, ভুট্টাচাষে আমরা সব সময় চাষিদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। উপজেলার কৃষকদের মাঝে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মণ বলেন, ভুট্টা চাষে খরচ অনেক কম। দাম অনেক ভালো। সেই সঙ্গে ভুট্টার গাছ গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। বর্তমানে বাজারে ভুট্টার চাহিদাও অনেক বেশি। ভুট্টা একটি লাভজনক ফসল। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।








