- ইউক্রেন হামলায় রুশ নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিল যুদ্ধজাহাজটি
রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা। কৃষ্ণসাগরে অবস্থিত রাশিয়ার অন্যতম বৃহত্তম জাহাজটিতে আগুন লাগার পর তা ডুবে গেছে। কীভাবে তা ডুবে গেলে তা নিয়ে দুই রকম দাবি করেছে কিয়েভ আর মস্কো। ইউক্রেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যেই একদিন আগে কৃষ্ণসাগরে রাশিয়ার যে যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছিল।
গত বুধবার রুশ ওই যুদ্ধজাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার সেটি ডুবে যায় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিয়েভের দাবি, যুদ্ধজাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। তবে মস্কো কোনো হামলার খবর সামনে আনেনি। রাশিয়ার দাবি, আগুন লাগার পর জাহাজটি সমুদ্রে ডুবে যায়।
যদি ইউক্রেনের দাবি সত্যি হয়, তাহলে ১২ হাজার ৪৯০ টন ওজনের মস্কভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিপক্ষের হামলায় ডুবে যাওয়া সবচেয়ে বড় রুশ যুদ্ধজাহাজ। ৫১০ কেবিন ক্রু সম্বলিত রাশিয়ার মিসাইল ক্রুজার এ জাহাজটিকে দেশটির সামরিক শক্তির প্রতীক হিসেবে দেখা হতো। ইউক্রেন হামলায় রুশ নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিল যুদ্ধজাহাজটি। ১৮৬ দশমিক ৪ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির গতি ছিল ঘণ্টায় ৩২ নটিক্যাল মাইল বা ৫৯ কিলোমিটার।
ক্ষেপণাস্ত্রবাহী রাশিয়ার এ যুদ্ধজাহাজটি ১৯৭৯ সালে যাত্রা শুরু করে। এটিতে রয়েছে ১৬টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অনেকগুলো আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা, টরপেডো ও বন্দুক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কভাকে বন্দরে নিয়ে যাওয়ার সময় ‘উত্তাল সমুদ্রে’ এটি ডুবে যায়। পাল্টাপাল্টি এই দাবির মধ্যেই রাশিয়া জানিয়েছিল, অগ্নিকাণ্ডের কারণে যুদ্ধজাহাজের গোলাবারুদের বিস্ফোরণ ঘটেছে। পরে জাহাজের সকল ক্রুকে কৃষ্ণসাগরের নিকটবর্তী রাশিয়ার পৃথক একটি জাহাজে সরিয়ে নেওয়া হয়।
অন্যদিকে, ইউক্রেনে ওই অঞ্চলের গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, ইউক্রেনের তৈরি দুইটি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এটা রাশিয়ার জাহাজে হামলার দ্বিতীয় ঘটনা। কারণ গত মাসেও রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করে ইউক্রেন। এদিকে রুশ যুদ্ধজাহাজ মস্কভা ডুবির ঘটনা কৃষ্ণসাগরে দেশটির নৌশক্তির জন্য একটি বড় ধাক্কা বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
ঘটনার পর হামলা জোরদার করছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা সতর্ক করে বলেছে, ইউক্রেনের সন্ত্রাসী হামলা বা নাশকতামূলক কাজের বদলা হিসেবে এ ধরনের হামলা তীব্রতর হবে। রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার ঘটনার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হলো।
গতকাল শুক্রবার কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলার তীব্রতা বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।








