কৃষকের বাড়িতে গিয়ে ধান কেনার কার্যক্রম শুরু করেছেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কিনছেন তিনি। এতে কৃষকদের ধান বিক্রি করতে কোথাও যেতে হচ্ছে না।
করোনার কারণে ধান বিক্রি নিয়ে যখন ভয়ে আছেন কৃষকরা ঠিক সেই মুহূর্তে এমন কার্যক্রম শুরু করেছেন মাশরাফি। কৃষকের ধান বিক্রি সহজ করতে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসন ও কিছু কৃষকের সঙ্গে আলোচনা করে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগকে অনুরোধ করেছেন কৃষকের বাড়িতে বাড়িতে গিয়ে ধান কিনতে। এ ক্ষেত্রে যাবতীয় পরিবহন খরচ নিজেই বহন করছেন। ফলে জেলা খাদ্য বিভাগ গত বুধবার (১০ জুন) থেকে নির্বিঘ্নে কৃষকদের বাড়িতে গিয়ে ধান কিনছে।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল ইসলাম জানান, মাশরাফি তাদের দুটি ট্রাক দিয়েছেন। যা নিয়ে বুধবার নড়াইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গিয়ে কৃষক কোহিনুর রহমান, বিন্দু রহমান ও আরতি দাসের কাছ থেকে এক টন করে ধান কিনে সঙ্গে সঙ্গেই তাদের হাতে ২৬ হাজার টাকার চেক দেয়া হয়েছে।
তিনি বলেন, ধান বিক্রির চন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে ০১৯১২৬৯৬৯৩১ নম্বরে বা সরাসরি খাদ্য অফিসে যোগাযোগের অনুরোধ করছি। যোগাযোগ করলে আমরা তার বাড়ি গিয়ে ধান কিনে আনব।
এ বিষয়ে জেলা প্রশাসক আনজুমান আরা জানান, ধানের বর্তমান বাজার মূল্য ৯০০ টাকা থেকে ১০৫০ টাকা। আর সরকার নির্ধারিত মূল্য ১০৪০ টাকা। ফলে বাড়িতে গিয়ে ১০৪০ টাকা দিয়ে ধান কেনায় কৃষকরা অনেক আনন্দিত। কৃষকদের ধান বিক্রিতে সার্বিক সহযোগিতার জন্য মাশরাফিকে ধন্যবাদ জানান তিনি।
আনন্দবাজার/রনি







