মেকং নদীর অববাহিকায় অবস্থিত ভিয়েতনামের আন-গিয়াং প্রদেশ। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা এই প্রদেশটি। তবে সৌন্দর্যের কারণে নয়, বরং প্রায় আধা-মানুষ সমান লম্বা বনরুটির কারণেই সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ববাসীর আকর্ষণ কেড়েছে প্রদেশটি।
বনরুটির দৈর্ঘ্যে কমপক্ষে এক মিটার, আর ওজনে কমপক্ষে ৩ কিলোগ্রাম। সাধারণত বড় একটি প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে এ রুটি বিক্রি করা হয়। যার মূল্য ২ দশমিক ১৪ মার্কিন ডলার বা ৫০ হাজার ভিয়েতনামি ডং।
তবে মজার বিষয় হচ্ছে, আন-গিয়াং প্রদেশের এই বনরুটি সেখানকার কোনো প্রাচীন খাদ্য সংস্কৃতির অংশ নয়। বরং সেখানকার এক নারী বেকারি পণ্য প্রস্তুতকারক নিছক মজা করেই এই রুটি বানানো শুরু করেছিলেন। তাও বেশিদিন আগে নয়।
এই আকর্ষণের সূত্রপাত ২০১৮ সালে। যাপিত-জীবন এবং বিনোদন বিষয়ক ব্রাইটসাইড নামক পশ্চিমা ওয়েবসাইট সে বছর বিশ্বের অদ্ভুত সব খাবার নিয়ে এক তালিকা প্রকাশ করে। সেখানে স্থান করে নেয় আন-গিয়াং প্রদেশের ওই বিশাল বনরুটির ছবি। ব্রাইটসাইড তখন দাবি করে, এ রুটি নাকি প্রদেশটির মানুষের খুবই প্রিয় খাদ্য।
ভোজন রসিকদের প্রচার দেখতে যেমন বড়, এগুলো খেতেও নাকি তেমনই সুস্বাদু । অবশ্য উপাদান আহামরি কিছু নয়। সাধারণ বনরুটির মতোই উনুনে বেক করার পর এর মাঝখানে মাখনের পুরু প্রলেপ দেওয়া হয়। বাড়তি স্বাদ যোগ করতে রুটির উপরে দেওয়া হয় তিলের দানা।







